
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে কুমিল্লায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) কুমিল্লা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করে সিভিল সার্জন কার্যালয়, কুমিল্লা ও কুমিল্লা জেনারেল হাসপাতাল।
কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত এ কর্মসূচিতে হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা, ডাবের খোসা এবং জমে থাকা পানি অপসারণ করা হয়। একই সঙ্গে মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।
কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সবাইকে সচেতন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন, জেলা কীটতত্ত্ববিদ আল ইমরান ভূঁইয়া, আরএমও ডা. আব্দুল করীম খন্দকারসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।









