
নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে আবারও দুর্ঘটনার কবলে পড়েছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যিনি উডসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত।
ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “খুবই খারাপ লাগছে। একটি দুর্ঘটনা ঘটেছে—এটাই জানি। সে আমার ঘনিষ্ঠ বন্ধু। উডস একজন অসাধারণ মানুষ। তবে কিছু জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন।”
কর্তৃপক্ষ জানায়, ফ্লোরিডার জুপিটার আইল্যান্ডে নিজের বাসার কাছাকাছি একটি সরু দুই লেনের আবাসিক সড়কে অন্য একটি ট্রাককে ওভারটেক করার সময় উডসের ল্যান্ড রোভার গাড়ি ধাক্কা খেয়ে উল্টে যায়। শনিবার (২৮ মার্চ) ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর তাকে আটক করে মার্টিন কাউন্টি জেলে নেওয়া হয়। তবে শারীরিকভাবে অক্ষত রয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, কয়েক ঘণ্টা পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
মার্টিন কাউন্টির শেরিফ জন বাডেনসিয়েক জানান, ঘটনাস্থলে উডসের মধ্যে ‘অস্বাভাবিকতার লক্ষণ’ দেখা যায়। যদিও ব্রেথালাইজার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন, তবে প্রস্রাব পরীক্ষায় অংশ নিতে অস্বীকৃতি জানান।
শেরিফ আরও বলেন, “উডসের ওপর একাধিক পরীক্ষা করা হয়েছে। তিনি তার আগের আঘাত ও অস্ত্রোপচারের বিষয়টি ব্যাখ্যা করেছেন, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। তারপরও বিস্তারিত সড়কপাশের পরীক্ষা নেওয়া হয়। তবে ইউরিন টেস্ট করতে রাজি হননি। এই অসহযোগিতার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।”
এ ঘটনায় তার বিরুদ্ধে ডিইউআই (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো), সম্পদের ক্ষতি এবং আইনসম্মত পরীক্ষায় অস্বীকৃতির অভিযোগ আনা হয়েছে।









