
মন্ত্রণালয়ের সব দপ্তরকে দুর্নীতিমুক্ত দেখতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি কার্যকরী ও বাস্তবমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার পাঠদান পদ্ধতিকে আরও যুক্তিযুক্ত করতে হবে। শিশুদের হাতে-কলমে শেখার সুযোগ বাড়াতে হবে, যাতে তারা বাস্তব দক্ষতা অর্জন করতে পারে। তিনি উল্লেখ করেন, যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব বাড়ায়, তা থেকে বেরিয়ে এসে কর্মমুখী ও ফলপ্রসূ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তিনি আরও বলেন, দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলা ভাষাকে কেবল দেশেই নয়, বিশ্ব দরবারেও মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত না হলে টেকসইভাবে দেশ গঠন সম্ভব নয়। তাই বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা সারাদেশে ধারাবাহিকভাবে চালু করার ওপর গুরুত্ব দিতে হবে।









