বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যৌথ অভিযান, দালালচক্রের ৫ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Joint operation at Brahmanbaria Sadar Hospital, 5 members of a tout syndicate sentenced to imprisonment
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যৌথ অভিযান, দালালচক্রের ৫ জনের কারাদণ্ড/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি বিভাগ ও বহির্বিভাগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাচ্ছিল। এতে সাধারণ রোগীরা প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছিলেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও এসআরবি।

অভিযান চলাকালে হাসপাতালের ভেতর থেকে অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, সাব্বির মিয়া ও তাইফ ইসলামকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে নার্গিস আক্তারকে ৩ হাজার টাকা এবং শিপন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালে রোগীদের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দালালচক্রের মাঠপর্যায়ের সদস্যদের পাশাপাশি নেপথ্যে থেকে যারা তাদের পরিচালনা ও পৃষ্ঠপোষকতা করছেন, তদন্তের মাধ্যমে তাদেরও চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও পড়ুন