
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর পৃথক অভিযানে প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্যসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় চকলেট ২ হাজার ৬০ পিস, থ্রি-পিস ২৭ পিস, ওড়না ৭৪ পিস, চশমা ৮ হাজার ২৪৬ পিস এবং পাঞ্জাবি ৩৯০ পিস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৯২ লাখ টাকা।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার আমতলী এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২৮টি মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করে বিজিবি। একই রাতে পৌনে ১০টায় নোয়াবাদী এলাকায় পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা এবং ২৯ বোতল মদ উদ্ধার করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া, এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকাজুড়ে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি পরিচালিত অভিযানে এসব চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।









