
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং গুলিতে আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় এই ব্যতিক্রমী ধর্মীয় কর্মসূচির আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ‘হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে ৩০ জন হাফেজের অংশগ্রহণে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। খতম শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা, দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট গুলিতে আহত ওসমান হাদীর দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশের চেয়ারম্যান বায়জিদ আহমাদ ফারদিন, সভাপতি দেলোয়ার হোসাইন মাহদী, উপদেষ্টা ইব্রাহিম খান সাদাত, সমাজসেবক আবুল বাশারসহ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করেন।







