
ব্রাহ্মণবাড়িয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
উদ্বোধনী পর্ব শেষে সেখানে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন (দুদক) কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক তারিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক মো. শরীফুল ইসলাম এবং সিভিল সার্জন নোমান মিয়া। এছাড়া বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, সাংবাদিক মো. আরজু মিয়া এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার নূরুল ইসলাম।
দুর্নীতি বিরোধী মানববন্ধনে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।









