
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে লেখালেখির হাতেখড়ি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন–৩ এ সাংবাদিকতা ও ক্যাম্পাসভিত্তিক লেখালেখিতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীর সঞ্চালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও ডেইলি স্টারের সাবেক মেট্রো এডিটর মো. মাহমুদুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান, ছাত্রশিবিরের বেরোবি শাখার সাধারণ সম্পাদক রাকিব, সাবেক সমন্বয়ক আশিকুর রহমান এবং বেরোবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পুলক আহমেদ।
কর্মশালার শুরুতে সাংবাদিকতার মৌলিক বিষয় নিয়ে সেশন নেন লোক প্রশাসন বিভাগের মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, লেখালেখি কেবল সাংবাদিকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। যেকোনো অভিজ্ঞতা ও ঘটনাকে তুলে ধরার জন্য লেখালেখি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
পরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহমুদুল হক বলেন, সত্যকে তুলে ধরা সাংবাদিকদের প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা এবং যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করা অত্যন্ত জরুরি।
কর্মশালার শেষে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।









