
কুমিল্লার বুড়িচং উপজেলায় র্যাব-১১ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ এপ্রিল ) র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে রোবিনা আক্তার (৩৮) ও মো. রিফাত (২৫) নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার রোবিনা আক্তার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মো. রিফাত একই গ্রামের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
র্যাব আরও জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।









