বৃহস্পতিবার ১৬ জুলাই, ২০২৬

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে থাকছে নজিরবিহীন হাফটাইম শো

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -The World Cup final will feature an unprecedented halftime show.
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে থাকছে নজিরবিহীন হাফটাইম শো/ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনাল এবার শুধু ফুটবল নয়, বিনোদনের নতুন মাত্রাও যোগ করতে যাচ্ছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে সুপার বোলের আদলে বিশেষ হাফটাইম শো আয়োজনের পরিকল্পনা করেছে ফিফা। এ কারণে স্বাভাবিক ১৫ মিনিটের পরিবর্তে বিরতির সময় ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত বাড়তে পারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের বিরতিতে প্রায় ১১ মিনিটের একটি জমকালো সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বার্না বয় ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এছাড়া অর্কেস্ট্রা পরিচালক গুস্তাভো দুদামেল এবং পিএস-২২ কোরাসও পরিবেশনায় অংশ নেবে।

অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনার দায়িত্বে রয়েছেন বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।

ফিফার সূত্রের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাফটাইমের বিরতি প্রায় ২০ মিনিট করার পরিকল্পনা রয়েছে। তবে বিকল্প হিসেবে ১৫ মিনিটের স্বাভাবিক বিরতির পর অতিরিক্ত ১১ মিনিটের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

তবে এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। কারণ আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর আইন অনুযায়ী, ম্যাচের বিরতি সাধারণত ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়।

অবশ্য এমন আয়োজন একেবারেই নতুন নয়। গত বছর নিউ জার্সিতেই অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে বিরতির সাংস্কৃতিক অনুষ্ঠানের কারণে দ্বিতীয়ার্ধ শুরু হতে প্রায় ২৪ মিনিট সময় লেগেছিল।

ফাইনাল ম্যাচ শুরুর আগেও থাকবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। এতে পারফর্ম করবেন টম ক্রুজ, রবি উইলিয়ামস, লরা পাওসিনি, নিকোল শেরজিঙ্গার এবং জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন জেনিফার হাডসন।

স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হবে বিশ্বকাপের ফাইনাল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১টায়। এর আগে রাত সাড়ে ১১টায় শুরু হবে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান।

এদিকে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। বুধবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল।

আরও পড়ুন