সোমবার ১৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপের ফাইনালের টিকিটের লড়াই ১৫ ও ১৬ জুলাই, সেমিতে কে কার মুখোমুখি দেখুন

রাইজিং স্পোর্টস

RisingCumilla - The battle for World Cup final tickets takes place on July 15 and 16- see who faces whom in the semi-finals
ছবি: সংগৃহীত

শেষ আটের লড়াই শেষ। এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে শুরু হচ্ছে ফাইনালে ওঠার লড়াই। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চার ফুটবল পরাশক্তি—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই চার দলের মধ্য থেকেই দুটি দল জায়গা করে নেবে বিশ্বকাপের মহারণে।

কোয়ার্টার ফাইনাল শেষে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। এবারই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে একসঙ্গে জায়গা করে নিয়েছে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দল, যা টুর্নামেন্টের ইতিহাসে নতুন এক অধ্যায়।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই। বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন।

পরদিন ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইংল্যান্ডের বিপক্ষে।

বিশ্বকাপের সর্বশেষ আসরেও সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। অন্যদিকে ২০১৮ সালের পর আবারও শেষ চারে ফিরেছে ইংল্যান্ড। আর ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে স্পেন।

বিশ্বকাপ সেমিফাইনালের সূচি

১৫ জুলাই

ফ্রান্স বনাম স্পেন

বাংলাদেশ সময়: রাত ১টা

ভেন্যু: ডালাস স্টেডিয়াম

১৬ জুলাই

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড

বাংলাদেশ সময়: রাত ১টা

ভেন্যু: আটলান্টা স্টেডিয়াম

ফুটবলপ্রেমীদের অপেক্ষা এখন দুই হাইভোল্টেজ সেমিফাইনালকে ঘিরে। এই দুই ম্যাচের বিজয়ীরাই মুখোমুখি হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

আরও পড়ুন