
দুবাই থেকে ব্যাংককগামী একটি উড়োজাহাজে ঘুমন্ত অবস্থায় এক নারী যাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন থাইল্যান্ডের আদালত। একই সঙ্গে তাকে এক লাখ ২০ হাজার থাই বাত জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার বিরুদ্ধে।
শুক্রবার (৭ আগস্ট) ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী থাই নারী ‘বিউট অর্ননিচা’ গত ৩ আগস্ট নিজের ফেসবুক পেজে পুরো ঘটনার বর্ণনা দেন। তিনি তার চার বছর বয়সী মেয়েকে নিয়ে দুবাই থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করছিলেন।
নারীর ভাষ্য অনুযায়ী, উড়োজাহাজ উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি লক্ষ্য করেন, তার পাশের সারিতে বসা এক পাকিস্তানি যাত্রী অস্বাভাবিকভাবে তার আসনের ওপর হাত রেখে বসে আছেন। বিষয়টি তখন গুরুত্ব না দিয়ে তিনি মেয়ের পাশে ঘুমিয়ে পড়েন।
তিনি জানান, ঘুম থেকে জেগে উঠে অনুভব করেন, ওই ব্যক্তির হাত তার শরীরের সংবেদনশীল স্থানে স্পর্শ করছে। সে সময় তিনি একটি কম্বল দিয়ে ঢাকা ছিলেন। প্রথমে বিষয়টি ভুল অনুভূতি বলে মনে হলেও পরে সন্দেহ আরও দৃঢ় হয়।
ভুক্তভোগীর দাবি, ফ্লাইটে ওঠার আগে ঘুমের ওষুধ সেবনের কারণে তিনি গভীর ঘুমে ছিলেন। তার ধারণা, এই সুযোগেই অভিযুক্ত ব্যক্তি তাকে স্পর্শ করতে শুরু করেন এবং মাঝপথে তার ঘুম ভেঙে যায়।
বিমান অবতরণের প্রায় ৯০ মিনিট আগে তিনি বিষয়টি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে জানান। পরে ওই ক্রু সদস্য অভিযুক্ত যাত্রীর সঙ্গে কথা বললে তিনি ঘটনার কথা স্বীকার করেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন ভুক্তভোগী। এরপর অভিযুক্ত ব্যক্তি কাঁদতে কাঁদতে একাধিকবার ক্ষমা চাইলেও তিনি কোনো সমঝোতায় না গিয়ে ব্যাংককে বিমান অবতরণের পর পুলিশকে বিষয়টি জানান।
পরবর্তীতে ৫ আগস্ট দেওয়া এক আপডেটে ভুক্তভোগী জানান, থাইল্যান্ডের ট্যুরিস্ট পুলিশ তাকে অবহিত করেছে যে আদালত অভিযুক্ত পাকিস্তানি নাগরিককে তিন বছরের কারাদণ্ড, এক লাখ ২০ হাজার থাই বাত জরিমানা এবং ভবিষ্যতে থাইল্যান্ডে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।










