শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীদের ঢল

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Jamaat Youth Marathon leaders and activists throng to mark Victory Day
বিজয় দিবস উপলক্ষে জামায়াতের যুব ম্যারাথনে নেতাকর্মীদের ঢল/ছবি: সংগৃহীত

মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে যুব ম্যারাথনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। দলটির উদ্যোগে আয়োজিত এই ম্যারাথনে অংশ নিতে রাজধানীতে লাখো নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

সরেজমিনে দেখা যায়, উদ্বোধনের আগেই জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

ম্যারাথনটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ও সায়েন্সল্যাব অতিক্রম করে জাতীয় সংসদ ভবনের পাশের মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এই যুব ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং দেশের রাজনীতি ও ভবিষ্যৎ নির্মাণে তরুণ সমাজকে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করা।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যে দেশের রাজনীতি ও সমাজ গঠনে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং বিজয় দিবসকে কেন্দ্র করে নতুন প্রজন্মের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আরও পড়ুন