মঙ্গলবার ৪ আগস্ট, ২০২৬

বিকৃত ছবি-ভিডিও কনটেন্ট তৈরি করলে ছাড় নয়, ক্ষুব্ধ মৃণাল ঠাকুর

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Mrunal Thakur
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ‘ডিপফেক’ বা বিকৃত ছবি-ভিডিও এবং ভুয়া কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন ভারতীয় অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের অনুমতি ছাড়া তার অবয়ব, ছবি বা পরিচয় ব্যবহার করে কোনো ধরনের ডিপফেক কনটেন্ট তৈরি বা প্রচার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মৃণাল ঠাকুর জানান, তার পরিচয় বা অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি ও শেয়ার করা সম্পূর্ণ বেআইনি এবং অগ্রহণযোগ্য। তিনি লেখেন, “আমার অবয়ব ব্যবহার করে ডিপফেক কনটেন্ট তৈরি বা শেয়ার করা বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ঘোষণাকে অবিলম্বে এমন অপকর্ম বন্ধ করার আনুষ্ঠানিক নোটিশ হিসেবে বিবেচনা করুন। আমার পরিচয়ের আর কোনো অপব্যবহার হলে এবার সরাসরি আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

যদিও তিনি পোস্টে নির্দিষ্ট কোনো ঘটনার উল্লেখ করেননি, তবে এটিকে ডিপফেক নির্মাতা ও প্রচারকারীদের প্রতি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি এআই প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিগত পরিচয় বিকৃত করে কনটেন্ট তৈরির বিরুদ্ধে ভারতের বিনোদন অঙ্গনের অনেক তারকাই আইনি পদক্ষেপ নিয়েছেন। এ তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, অনিল কাপুর, শিল্পা শেঠি, প্রীতি জিনতা, কার্তিক আরিয়ান এবং সুনীল শেঠি।

এর আগে ডিপফেক প্রযুক্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি প্রযুক্তির অপব্যবহার করে নারীদের হয়রানির তীব্র নিন্দা জানান। তিনি বলেন, প্রযুক্তি যেমন উন্নয়নের প্রতীক, তেমনি তা অপব্যবহার করে ভুয়া ছবি-ভিডিও ছড়িয়ে মানুষকে হেনস্তা করা মানসিকতার অবক্ষয়ের পরিচায়ক। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও জানান তিনি।

পরে রাশমিকা মান্দানার নামে ডিপফেক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। এরপর থেকেই এআই-নির্ভর ডিপফেক প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে কঠোর আইন এবং সচেতনতা বৃদ্ধির দাবি আরও জোরালো হয়েছে।

আরও পড়ুন