মঙ্গলবার ১৭ মার্চ, ২০২৬

বাবর ও রিজওয়ান পাকিস্তান দলের মেরুদণ্ড: শাহীন আফ্রিদি

রাইজিং স্পোর্টস

Rising Cumilla -Babar Azam and Mohammad Rizwan
বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান/ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করার পর পাকিস্তান দলের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি দলের জয়ে মূল সমন্বয় ও সিনিয়র খেলোয়াড়দের ভূমিকার ওপর আলোকপাত করেছেন। রোববার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের পর তিনি স্পষ্ট করে বলেন, দলের ব্যাটিং লাইনআপের মূল ভিত্তি হলেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান।

শাহীন আফ্রিদি বলেন, ‘বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় পাকিস্তান দলের মেরুদণ্ড। আমরা বাবর আজমের সেঞ্চুরির জন্য কিছুদিন ধরে অপেক্ষা করছিলাম। বাবর ফিরে এসে নিজের মূল্য প্রমাণ করেছে।’ একইসঙ্গে, তিনি মোহাম্মদ রিজওয়ানের প্রশংসা করে বলেন, ‘সে সিনিয়র হিসেবে খুব ভালো খেলেছে।’

আহত হওয়ার কারণে বিশ্রামে থাকার পর ফিরে আসা ওয়াসিম জুনিয়রের পারফরম্যান্সেও সন্তোষ প্রকাশ করেছেন অধিনায়ক। শাহীনের মতে, ওয়াসিম জুনিয়র চমৎকার পারফর্ম করেছেন। তিনি দলের অন্যান্য বোলারদের প্রতিও আস্থা প্রকাশ করে বলেন, ‘দলের সব বোলারই ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখে। ট্রাই সিরিজে তারা প্রস্তুত থাকবে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করবে।’

অন্যদিকে, সিরিজে পরাজয়ের জন্য কিছুটা হতাশা প্রকাশ করলেও, শ্রীলঙ্কার ব্যাটিং কোচ জুলিয়ান উড পাকিস্তানের ক্রিকেট মানের প্রশংসা করেছেন। তিনি জানান, ‘আমাদের দল কিছুটা উন্নতি করেছে। কিন্তু হারের কারণে অবশ্যই হতাশ।’

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির ওপর জোর দিয়ে উড বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি চলছে। এই হতাশায় ডুবে থাকলে চলবে না।’ রাওয়ালপিন্ডিতে খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি ইতিবাচক মন্তব্য করেন। উড বলেন, ‘রাওয়ালপিন্ডিতে খেলার অভিজ্ঞতা ভালো ছিল এবং পাকিস্তানি দর্শকদের সমর্থনও প্রশংসনীয়।’

ম্যাচ হারের কারণ ব্যাখ্যা করে শ্রীলঙ্কার ব্যাটিং কোচ বলেন, ‘শেষ ওয়ানডেতে শুরুতে দ্রুত উইকেট হারানোই তাদের ম্যাচ হারার মূল কারণ।’ আসন্ন টি-টোয়েন্টি ট্রাই সিরিজের প্রসঙ্গে তিনি বলেন, ‘নতুন ফরম্যাটে নতুন পরিকল্পনা প্রয়োজন।’

আরও পড়ুন