
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটির মধ্যেও দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের দিন ছাড়া অন্যান্য ছুটির দিনগুলোতে সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
সোমবার (৯ মার্চ) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে এনবিআর।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকার ঘোষিত ছুটি ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও দেশের সব কাস্টম হাউস ও কাস্টম স্টেশন খোলা থাকবে।
এর ফলে আমদানি-রপ্তানিকারকরা ছুটির দিনেও সীমিত আকারে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। বিশেষ করে আমদানিকৃত পণ্যের ছাড়পত্র (মালামাল ছাড়) এবং রপ্তানি পণ্যের জাহাজিকরণ কার্যক্রম চালিয়ে নেওয়ার সুযোগ থাকবে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট কাস্টম হাউস ও স্টেশনগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।









