বুধবার ১১ মার্চ, ২০২৬

বাজার স্থিতিশীল রাখতে ২ লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিচ্ছে সরকার

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - rice
ছবি: সংগৃহীত/কোলাজ রাইজিং কুমিল্লা

চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে ২ লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে মোট ২৩২টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দপ্রাপ্ত এসব প্রতিষ্ঠানের অনুকূলে আমদানির অনুমতি (ইমপোর্ট পারমিট) দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়। রোববার (১৮ জানুয়ারি) এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, খাদ্য অধিদফতরের তথ্য অনুযায়ী সম্প্রতি সরু চালের বাজার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও মাঝারি ও মোটা চালের বাজার দর আপাতত স্থিতিশীল রয়েছে, তবে সরু চালের মতো এসব চালের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে সামগ্রিকভাবে চালের বাজার অস্থিতিশীল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

আমদানির শর্ত অনুযায়ী, বরাদ্দপ্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ মার্চের মধ্যে পুরো চাল বাংলাদেশে এনে বাজারজাত করতে হবে। একই সঙ্গে আমদানি করা চালের পরিমাণ, গুদামজাতকরণ ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, বরাদ্দের অতিরিক্ত কোনো আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু বা জারি করা যাবে না। আমদানি করা চাল অন্য কোনো প্রতিষ্ঠানের নামে পুনঃপ্যাকেটজাত করা যাবে না এবং চাল অবশ্যই বস্তায় বিক্রি করতে হবে।

এ ছাড়া আমদানিকৃত চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে বলেও শর্তে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন