
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) এর আইন বিভাগের উদ্যোগে এবং বাইউস্ট ‘ল’ ক্লাবের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আইন বিভাগের বিভাগীয় প্রধান এবং ল’ ক্লাবের উপদেষ্টা ড. মো: নায়ীম আলীমুল হায়দার, সহ উপদেষ্টা – সহকারী অধ্যাপক দীপান্বিতা কুন্ডু রুমকী, সহকারী অধ্যাপক তাজলিলা তামান্না এবং প্রভাষক শামীম আহমেদ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
আইন বিভাগের বিভাগীয় প্রধান ড.মো: নায়ীম আলীমুল হায়দার উপস্থিত সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। এ মাসের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দায়িত্ববোধের চর্চার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেন বাইউস্ট ল’ ক্লাবের সহ-উপদেষ্টা সহকারী অধ্যাপক তানজিলা তামান্না।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ল’ ক্লাবের সাধারণ সম্পাদক ইফরাজ আহমেদ ইয়াম। পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জুবায়ের আহমেদ।
ইফতার মাহফিলে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সহমর্মিতা আরও বৃদ্ধি পাবে বলে সবাই আশা প্রকাশ করেন।










