
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। চাঁদপুর যাওয়ার পথে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে ঢল নামে হাজার হাজার নেতা-কর্মীর।
এ সময় এক আবেগঘন মুহূর্তে দল থেকে বহিষ্কৃত নেতা ও চান্দিনা আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে কাছে ডেকে তার মাথায় হাত বুলিয়ে দেন প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই শাওনের সমর্থক ও স্থানীয় নেতা-কর্মীদের মাঝে নতুন করে ব্যাপক উদ্দীপনা ও গুঞ্জন শুরু হয়েছে।
আজ শনিবার (১৬ মে) বেলা পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী তার গাড়িবহর নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশ অতিক্রম করছিলেন।
তবে সকাল থেকেই চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটুম্বপুর, পালকি সিনেমা হল সংলগ্ন এলাকা এবং চান্দিনা বাসস্ট্যান্ডসহ মহাসড়কের এক পাশে অবস্থান নেন ১০ হাজারেরও বেশি নেতা-কর্মী।
তাদের হাতে থাকা ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়।
একপর্যায়ে নেতা-কর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে চান্দিনা উপজেলা গেট এলাকায় প্রধানমন্ত্রীর গাড়িবহরের গতি মন্থর হয়ে আসে। তখনই তারেক রহমান গাড়ি থামিয়ে স্বতন্ত্র এমপি শাওনকে কাছে ডেকে নেন এবং তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় আতিকুল আলম শাওনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে আজকের এই ঘটনার পর স্থানীয় তৃণমূলের অবদমিত ক্ষোভ ও হতাশায় যেন নতুন আশার আলো সঞ্চার হয়েছে।
চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া এই বিষয়ে আবেগাপ্লুত কণ্ঠে জানান যে, দল থেকে বহিষ্কৃত হলেও তারা কখনোই বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি। প্রধানমন্ত্রী নিজে গাড়ি থামিয়ে তাদের নেতাকে যেভাবে কাছে টেনে দোয়া করেছেন, তা তাদের রাজনৈতিক জীবনের এক বিশাল প্রাপ্তি।
তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী তার আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে খুব শিগ্গিরই আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেবেন।









