
দেশের অভ্যন্তরীণ আকাশপথে যাত্রীসেবা, যোগাযোগ সম্প্রসারণ ও বিমান পরিবহন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার-২০২৬’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। একই আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে আরও সাতটি পুরস্কার ও স্বীকৃতি পেয়েছে দেশের বেসরকারি এই বিমান সংস্থাটি।
দেশের ভ্রমণবিষয়ক পাক্ষিক ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত এক অনুষ্ঠানে এসব পুরস্কার দেওয়া হয়। রোববার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্সের পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।
এবারের আয়োজনে ইউএস-বাংলা এয়ারলাইন্স বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এ ছাড়া বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড পেয়েছে প্রতিষ্ঠানটি।
বিভিন্ন ক্যাটাগরিতে এসব পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশনের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ইউএস-বাংলা এয়ারলাইন্সের সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এমন স্বীকৃতির ফলে ভবিষ্যতে উত্তরোত্তর আরও ভালো করার ক্ষেত্রে ইউএস-বাংলা এয়ারলাইন্স প্রতিজ্ঞাবদ্ধ।’
উল্লেখ্য, এর আগে ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে ‘দ্য বাংলাদেশ মনিটর’ আয়োজিত পুরস্কারে বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স হিসেবে স্বীকৃতি পেয়েছিল ইউএস-বাংলা এয়ারলাইন্স।










