
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই শেষে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৫ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে হলফনামায় স্বাক্ষর না দেওয়ায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী তাহেরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া আয়কর রিটার্ন জমার প্রমাণক না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ ছাড়া প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকায় তিনজন স্বতন্ত্র প্রার্থী—মোহাম্মদ ইয়াকুব নবী ভূঁইয়া, মো. ইসমাইল এবং এসএম হুমায়ুন কবির পাটোয়ারীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
অন্যদিকে, যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদিন ভিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. একরামুল হক ভূঁইয়া, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী শামসুদ্দিন মজুমদার, খেলাফত মজলিসের প্রার্থী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) বাসদের প্রার্থী জসীমউদ্দীন, গণধিকার পরিষদের চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবুল হোসেন এবং আমজনতার দলের প্রার্থী সাইফুল করিম মজুমদার।
এ বিষয়ে ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক বলেন, ফেনী-২ আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মোট ১৪ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল এবং ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।









