
রবিবার (১৬ নভেম্বর) ভোরে ফেনী শহরের জুলাই স্মৃতিস্তম্ভে আগুন লাগানোর জঘন্য ঘটনার প্রতিবাদে বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে ‘খুনি হাসিনা ও দোসরদের বিচারের দাবিতে’ ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
‘জুলাই ঐক্য ফেনী জেলা’র আয়োজনে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে শুরু হয়। এরপর এটি গুরুত্বপূর্ণ ট্রাংঙ্ক রোড প্রদক্ষিণ করে এবং যে স্মৃতিস্তম্ভে আগুন লাগানো হয়েছে, সেই জুলাই স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানেই এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন জ্বালাময়ী স্লোগান দিতে থাকেন। তাদের স্লোগানগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল,‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ; ‘খুনি হাসিনা ও দোসরদের বিচার চাই, করতে হবে; ‘লীগ ধর, জেলে ভর’
এই প্রতিবাদী বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ এবং ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হানিফ হেলাল।









