শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে ৫ ও ১০ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন ৮ জেলার ২৫০ প্রতিযোগী

নিজস্ব প্রতিবেদক

ফেনীতে ৫ ও ১০ কিলোমিটার দৌড়ে অংশ নিলেন ৮ জেলার ২৫০ প্রতিযোগী/ছবি: সংগৃহীত

ফেনী জেলা রান ক্লাবের আয়োজনে আজ শুক্রবার সকালে ফেনীতে অনুষ্ঠিত হয়েছে একটি বর্ণাঢ্য রান ফেস্ট। এই দৌড় প্রতিযোগিতায় ফেনীসহ আশপাশের ৮ জেলার মোট ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্র জানায়, এর মধ্যে ৫ কিলোমিটার দৌড়ে অংশ নেন ১৫০ জন এবং ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেন ১০০ জন দৌড়বিদ। প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রতিযোগীও অংশগ্রহণ করেন।

প্রতিটি ক্যাটাগরিতে প্রথম থেকে দশম স্থান অর্জনকারী মোট ৩০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

রান ফেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ, আল্ট্রা ম্যারাথনার নাসির পলাশ এবং ওমর ফারুক।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক ইমন উল হক ইমন এবং সূচনা বক্তব্য দেন আয়োজক সাইফুল ইসলাম রাজু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. তবারক উল্লাহ চৌধুরী বায়েজিদ বলেন,
‘এসব দৌড় প্রতিযোগিতার জন্য এত বেশি আগ্রহী ছেলে আমাদের মধ্যে আছে—তা আমাদের জন্য প্রেরণাদায়ক। অংশগ্রহণ করাটাই বড় কথা, জয় বড় কথা না। অংশগ্রহণ করতে করতে জয় আসবে। তোমাদের এসব কর্মকাণ্ডে সক্রিয় থাকতে হবে।’

ক্রীড়া সংগঠক ইমন উল হক ইমন বলেন, ‘ছেলেদের মোবাইল থেকে দূরে রাখতে এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে আমরা এই আয়োজন করেছি। এটি আমাদের প্রথম আয়োজন। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করব।’

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলা ও সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করাই এই রান ফেস্ট আয়োজনের মূল লক্ষ্য।

আরও পড়ুন