বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬

ফেনীতে ভোজ্যতেল মজুত: ৫০ হাজার লিটার জব্দ, জরিমানা ২ লাখ টাকা

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla -Edible oil hoarded in Feni- 50,000 liters seized, fined Tk 2 lakh
ফেনীতে ভোজ্যতেল মজুত: ৫০ হাজার লিটার জব্দ, জরিমানা ২ লাখ টাকা/ছবি: সংগৃহীত

ফেনীতে অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ফেনী পৌরসভার তাকিয়া রোডস্থ ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এবং সরবরাহ নিয়ন্ত্রণ করছে। এ তথ্যের ভিত্তিতে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‍্যাব-৭ এর উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং নিরাপদ খাদ্য অধিদফতরের সমন্বয়ে যৌথভাবে তল্লাশি চালানো হয়।

এ সময় ইসলামপুর এলাকার ‘কবির অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানে ৫০ হাজার লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জরিমানার অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

আরও পড়ুন