শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ফেনীতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Day-long women entrepreneurs fair and pitha festival held in Feni
ফেনীতে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত/ছবি: সংগৃহীত

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ফেনীতে জমজমাট নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই উৎসবটি নানা আয়োজন ও প্রাণবন্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয়।

কেক কেটে মেলার উদ্বোধন করেন ফেনীর জেলা প্রশাসক মনিরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন এবং ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর আয়োজনে অনুষ্ঠিত উৎসবে আরও উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, পরশুরাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার, সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর প্রোগ্রাম অফিসার ইদ্রিছ উল্যাহ।

মেলায় স্থাপিত ২০টি স্টলে প্রদর্শিত হয় নারীদের তৈরি আসবাবপত্র, প্রসাধনী এবং বিভিন্ন রঙ, স্বাদ ও আকারের নানা পিঠা। উদ্যোক্তাদের সৃজনশীলতা ও পণ্যের বৈচিত্র্যে মেলায় আগতদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

ফেনীতে আয়োজিত নারী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবটি স্থানীয় নারী উদ্যোক্তাদের সৃজনশীল পণ্য প্রদর্শন এবং বাজার তৈরি করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

আরও পড়ুন