
সারা দেশের মতো ফেনীতেও প্রচণ্ড শীত ও নিম্নমুখী তাপমাত্রায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহ আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ রোববার (২৮ ডিসেম্বর) ফেনীতে চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে জেলায় টানা হিমপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে হাঁড় কাঁপানো শীতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
বিশেষ করে ভাসমান ও নিম্নবিত্ত মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অতিরিক্ত প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। অথচ বিগত বছরগুলোতে শীত মৌসুমে সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণের যে তৎপরতা দেখা যেত, এবার তা তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। ফলে মানবিক কার্যক্রমেও এক ধরনের স্থবিরতা লক্ষ করা যাচ্ছে।
তীব্র শীতের প্রভাবে প্রকৃতিতেও বিরূপ প্রভাব পড়ছে। গাছের পাতা ঝরে যাচ্ছে এবং পশু-পাখিরাও চরম কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। গৃহপালিত গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণীকে শীত থেকে বাঁচাতে তাদের গায়ে ছালাবস্তা ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে শীত নিবারণের চেষ্টা করছেন খামারি ও সাধারণ মানুষ।
ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, “রোববার (২৮ ডিসেম্বর) ফেনীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা এ মৌসুমে জেলার সর্বনিম্ন। আগামী কয়েকদিন তাপমাত্রা একই মাত্রায় থাকতে পারে অথবা আরও কমতে পারে।”









