
প্রবাসী পেশাজীবীদের জন্য বড় সুখবর দিয়েছে দুবাই। স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো ও শিক্ষা খাতে সরকারের একাধিক নতুন উদ্যোগের ফলে সেখানে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এসব খাতে নতুন পদ পূরণে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহী দুবাই কর্তৃপক্ষ।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাতটি নতুন সরকারি সংস্থা গঠনের প্রেক্ষাপটে আগামী বছর সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে শূন্যপদের সংখ্যা বেড়ে ৭ হাজার ৮৪২-এ পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে দক্ষ ও যোগ্য জনশক্তি আকর্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন দেশটির আইনপ্রণেতারা।
এদিকে, আমিরাতের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে একদিকে কর্মপদ্ধতিতে পরিবর্তন আসছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন দক্ষতার জনবল নিয়োগের পরিকল্পনাও জোরদার করছে সরকার।
দুবাই সরকারের সরকারি চাকরির অফিসিয়াল পোর্টাল dubaicareers.ae-তে বর্তমানে বিভিন্ন সরকারি বিভাগের শূন্যপদ তালিকাভুক্ত রয়েছে। এসব পদে বিশ্বের যেকোনো দেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
উল্লেখযোগ্য শূন্যপদের মধ্যে রয়েছে—
দুবাই ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের অধীনে হাউজিং সুপারভাইজার,
রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (RTA) অধীনে স্পেশালিস্ট (ডিজিটাল সার্ভিসেস ডেভেলপমেন্ট),
ইঞ্জিনিয়ার (বাস ডিপো),
সিনিয়র ইঞ্জিনিয়ার (বাস ডিপো),
চিফ স্পেশালিস্ট (এইচআর বিজনেস অ্যাফেয়ার্স),
এবং এক্সপার্ট (ইনোভেশন ও পাইওনিয়ারিং) পদ।
এছাড়া দুবাই সরকারের মিডিয়া অফিসে এভি এডিটর, মাদা মিডিয়ায় সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার, পাশাপাশি ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান, সিস্টেমস ও অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট স্পেশালিস্টসহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দক্ষ কর্মীদের জন্য আবেদন করার সুযোগ রয়েছে।
এসব পদের ক্ষেত্রে অভিজ্ঞতা ও যোগ্যতা অনুযায়ী মাসিক বেতন সর্বোচ্চ ৪০ হাজার আমিরাতি দিরহাম পর্যন্ত হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ লাখ টাকারও বেশি।










