বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে ট্রেন ছুটল কক্সবাজারে

রাইজিং ডেস্ক

Cox's Bazar Railway Station
কক্সবাজার রেলওয়ে স্টেশন। ছবি: সংগৃহীত

দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে একটি ট্রেন। রোববার সকাল ৯টার দিকে আটটি বগি ও একটি ইঞ্জিন নিয়ে ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ছেড়ে গেছে। তবে এটা কোনো যাত্রীবাহী ট্রেন নয়, নয় ট্রায়াল ট্রেনও।

দোহাজারী-কক্সবাজার রেলপথের নির্মাণকাজ পরিদর্শন ও কোনো ত্রুটি আছে কি না যাচাই করতে প্রথমবারের মতো চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার আসছে একটি ট্রেন। ট্রেনটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম ও রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা।

আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথ উদ্বোধন করবেন। এই রেলপথ উদ্বোধনের মধ্য দিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলার মানুষের ট্রেনে চড়ে রাজধানীতে আসা-যাওয়ার বহুল কাঙ্ক্ষিত স্বপ্ন খুব সহজেই পূরণ হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি দোহাজারী স্টেশনে পৌঁছানোর সেখান থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে। ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌঁছার কথা রয়েছে। রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান করবেন। ৬ নভেম্বর ওই টিম কক্সবাজার রেলস্টেশন ইয়ার্ড পরিদর্শন করবে। ৭ নভেম্বর সকাল ৭টার দিকে ওই টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।

সরকারী রেল পরিদর্শক (জিআইবিআর) রুহুল কাদের আজাদ বলেন, আজ ট্রেনযোগে চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছেন রেলের পরিদর্শন দফতরের টিম। এসময় নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেললাইন ও বিভিন্ন স্টেশন পরিদর্শন করা হবে। এতে কোনো ত্রুটি আছে কি না যাচাই করা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার নাজমুল ইসলাম বলেন, এটি আমাদের রুটিন কাজ। এটিকে ট্রায়াল রান বলা যাবে না। আমাদের সঙ্গে আছেন রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা। তারা এ রেল পরিদর্শন করবেন সেখানে কোন ত্রুটি আছে কিনা দেখবেন। ইন্টারলকিং সিগন্যালিং ব্যবস্থা, প্লার্টফর্ম উঁচু সঠিক কিনা, কালভার্ট, লেভেল ক্রসিং গেট এসব দেখবেন। পরে রেলের পরিদর্শন অধিদফতরের কর্মকর্তারা সার্টিফাই করবেন। এরপর ট্রেন চলবে।

আরও পড়ুন