
ডেনমার্কের কোপেনহেগেনস্থ ইন্টারন্যাশনাল মন্টেসরি স্কুলে বিশেষ চাইল্ড কেয়ার ও কাউন্সেলিংয়ে কর্মরত বিশেষজ্ঞ চৌধুরী সাদেকা মুনীর কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় অবস্থিত পরশ প্রতিবন্ধী সংস্থা (প্রতিবন্ধী স্কুল) পরিদর্শন করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, চিকিৎসা ও সার্বিক জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরশ প্রতিবন্ধী সংস্থার সভাপতি ডা. আবদুল সেলিম, নির্বাহী সদস্য মো. আবদুল হালিম, পরশ প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মির্জা ফাতেমা আহমেদের পুত্র ও বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ রোবায়েত হোসেন, নির্বাহী সদস্য নুসরাত জাহান মম, চৌয়ারা ডিগ্রি কলেজের সাবেক প্রিন্সিপাল শাহরিয়ার আক্তার ডিনা, কাজী মাহতাব, সমাজকর্মী রাশেদা আক্তার পাপড়ি ও সমাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র সরকার, সহকারী শিক্ষক সাজেদা ইসলাম ও হোসনেয়ারা বেগমসহ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
মতবিনিময় সভায় কুমিল্লা সদর-০৬ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর কন্যা চৌধুরী সাদেকা মুনীর বলেন, যথাযথ থেরাপি, কাউন্সেলিং ও বিশেষ শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের সক্ষমতা বিকাশ করা সম্ভব। আন্তর্জাতিক মানের বিশেষ শিক্ষা ও চিকিৎসা সহায়তা পেলে তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি পরশ প্রতিবন্ধী সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে পরশ প্রতিবন্ধী সংস্থা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও পুনর্বাসনে কাজ করে আসছে। বর্তমানে এই প্রতিষ্ঠানে ৬৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী নিয়মিত শিক্ষা ও থেরাপি গ্রহণ করছে।










