
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, কুমিল্লার লাকসাম-বরুড়া এলাকার কয়েকটি ভোটকেন্দ্র থেকে তার দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
কারা এজেন্টদের বের করে দিয়েছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষ।
তিনি আরও অভিযোগ করেন, তার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনের মনিপুর গার্লস স্কুল কেন্দ্রে বিপক্ষের সমর্থকরা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল। তবে পরিস্থিতি অবনতির আগেই সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দিয়েছে।
সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে জামায়াতের আমির বলেন, মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে।
তবে তিনি মনে করেন, অতীতে সব দলের অংশগ্রহণে যেসব গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর তুলনায় এবার দুপুর ১টা পর্যন্ত ভোটার উপস্থিতি কিছুটা কম। দিনের বাকি সময়ে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।










