শনিবার ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

পাকিস্তানি পেসার নাসিম শাহের বাড়িতে দুর্বৃত্তদের হামলা

রাইজিং কুমিল্লা অনলাইন

Rising Cumilla -Naseem Shah
পাকিস্তানি পেসার নাসিম শাহের বাড়িতে দুর্বৃত্তদের হামলা/ছবি: সংগৃহীত

পাকিস্তানের তারকা পেস বোলার নাসিম শাহের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরেই এই হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন।

শনিবার পুলিশ জানিয়েছে, গত ১০ নভেম্বর দিবাগত রাতে অর্থাৎ রাত পৌনে দুইটায় মায়ার এলাকায় পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের বাড়িতে হামলা চালানো হয়। অজ্ঞাত বন্দুকধারীরা নাসিম শাহের বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা এবং দেয়ালে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। এই আকস্মিক ও ভয়াবহ হামলায় তারকা ক্রিকেটারের পরিবার গভীরভাবে আতঙ্কিত।

এই হামলার ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সুপার (তদন্ত) রশিদ আহমেদ খানের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়। এই দলে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) জান্দোল সার্কেল আলিম খান, মায়ার থানার অফিসার (এসএইচও) ইদ্রিস খান, এবং প্রধান তথ্য কর্মকর্তা (সিআইও) হায়াত মুহাম্মদ খান সমন্বয় সাধন করেন।

নাসিমের বাবা, জাফর শাহ, সরাসরি তিনজনের নাম উল্লেখ করে এই মামলাটি দায়ের করেন।

তদন্তের ভিত্তিতে পুলিশ হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে তিনজনই হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা পুলিশকে জানিয়েছেন যে, জমি জমা নিয়ে পারিবারিক বিরোধের কারণে এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার কয়েকদিন আগে থেকেই জমি নিয়ে দুটি পক্ষের মধ্যে নতুন করে বিরোধ দেখা দেয়। হামলার দিন, একপক্ষ বিতর্কিত জমিতে গম চাষ করছিল, ঠিক সেই সময়ই অন্য পক্ষ গুলি চালায়।

পুলিশ আরও জানায় যে, নাসিম শাহের মায়ের দিকের আত্মীয়রা প্রতিদ্বন্দ্বী পরিবারের সঙ্গে যুক্ত। আর সেই কারণেই ক্রিকেটার নাসিম শাহের বাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

বর্তমানে এই হামলার ঘটনায় অধিকতর তদন্ত চলছে। ভবিষ্যতে যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে এবং নাসিম শাহের পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত হয়, তা নিশ্চিত করতে ক্রিকেটারের বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন