মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

পরিবর্তন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনে আশার আলো জ্বালানো—কাজী দ্বীন মোহাম্মদ

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Change is not just about building infrastructure, but also about lighting the light of hope in people's lives—Kazi Din Mohammad
পরিবর্তন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনে আশার আলো জ্বালানো—কাজী দ্বীন মোহাম্মদ/ছবি: জামায়াতের সৌজন্যে

কুমিল্লা-৬ আসনে এগার দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, “পরিবর্তন মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়—পরিবর্তন মানে মানুষের জীবনে আশার আলো জ্বালানো। সেই লক্ষ্য নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”

ইতিহাস, প্রকৃতি ও সম্ভাবনায় সমৃদ্ধ লালমাই শালবনবিহারকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে চান তিনি।

সোমবার (০২ ফেব্রুয়ারি) কোটবাড়ি সালমানপুরের শালবন বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন কাজী দ্বীন মোহাম্মদ।

সমাবেশে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আল্লাহ আমাদের এই অঞ্চলকে অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ও অপরূপ সৌন্দর্য দিয়ে সমৃদ্ধ করেছেন। কিন্তু সঠিক পরিকল্পনা ও সততার অভাবে এতদিন এই সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটেনি। এখন সময় এসেছে একটি সমন্বিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে এই জনপদের সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার।”

তিনি আরও জানান, লালমাই শালবনবিহারকে কেন্দ্র করে একটি বিশ্বমানের ইকো-ট্যুরিজম জোন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই ইকো-ট্যুরিজম জোনে একদিকে যেমন প্রকৃতি সংরক্ষণ নিশ্চিত করা হবে, অন্যদিকে পর্যটন উন্নয়নের মাধ্যমে স্থানীয় মানুষের জন্য তৈরি হবে টেকসই জীবিকার সুযোগ।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “এই উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান ও রুজি-রোজগারের নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা চাই উন্নয়ন হোক মানুষের জন্য, প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে।”

আরও পড়ুন