বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন ‘বিটিসি–২০২৫’

মো: নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধি

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন ‘বিটিসি–২০২৫’
নোবিপ্রবিতে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন ‘বিটিসি–২০২৫’/ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক সেমিনার ‘ইন্টারন্যাশনাল কলোকুইয়াম অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BTC–2025)’ এবং এমআইএস ডে–২০২৫ উদযাপিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ ও এমআইএস নেট–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলন ক্যাম্পাসজুড়ে ব্যাপক সাড়া ফেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে সেমিনারের কার্যক্রম শুরু হয়। এর আগে প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে বেলুন উড়ানো ও একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অডিটোরিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।

এছাড়াও উপস্থিত ছিলেন এমআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউল হকসহ বিভাগের শিক্ষকবৃন্দ। সেমিনারের অর্গানাইজিং চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন এমআইএস নেটের সভাপতি মো. আবু সাঈদ এবং কো-চেয়ার ছিলেন এমআইএস নেটের সাধারণ সম্পাদক জায়েদুল ইসলাম।

সেমিনারে আন্তর্জাতিক ব্যবসা ও তথ্যপ্রযুক্তি খাতের অভিজ্ঞ পেশাজীবীরা কি-নোট স্পিকার হিসেবে অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন— এনআরবিসি ব্যাংক লিমিটেডের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনের জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করিম, রবি আজিয়াটা লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেট অপারেশন) মো. মুনজুর মোর্শেদ, ওয়েব ফন্টেইনের প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার দীপেশ বণিক,
সিনেসিস আইটি পিএলসি–এর হেড অব সফ্‌টওয়্যার ডেভেলপমেন্ট মইনুল ইসলাম, এবং সোনালী ব্যাংক লিমিটেডের আইটি বিভাগের ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান নূর।

দুই দিনব্যাপী এই সম্মেলনের প্রথম দিনে এমআইএস ডে–২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিজনেস আইডিয়া প্রতিযোগিতা, কেস কম্পিটিশন, দাবা, এক্সটেম্পোর স্পিচসহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পাশাপাশি সেমিনারে বিশেষজ্ঞ বক্তারা একাডেমিয়া ও শিল্পখাতের সংযোগ, সহযোগিতা এবং সমসাময়িক ব্যবসা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে এমআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অনুষদের প্রতিনিধি, দেশ-বিদেশের গবেষক এবং একাডেমিশিয়ানরা অংশগ্রহণ করেন। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।

আরও পড়ুন