শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন করবেন না আসিফ মাহমুদ, নতুন দায়িত্ব পেলেন এনসিপির

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Asif Mahmud will not contest elections, gets new responsibility from NCP
নির্বাচন করবেন না আসিফ মাহমুদ, নতুন দায়িত্ব পেলেন এনসিপির/ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আসিফ মাহমুদকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বও তাকে দেওয়া হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, “এনসিপির যেসব প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের বিজয়ী করে সংসদে নিয়ে যাওয়ার লক্ষ্যে আসিফ মাহমুদ কাজ করবেন।”

এসময় নিজের অবস্থান ব্যাখ্যা করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমি মনে করি, আমার একজনের সংসদে যাওয়ার চেয়ে আমাদের জুলাই গণ-অভ্যুত্থানের আরও বেশি সংখ্যক সহযোদ্ধাকে সংসদে পাঠাতে পারলে সেটিই হবে বড় সাফল্য।”

তিনি আরও বলেন, “আমার সহযোদ্ধাদের নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি ওই পদ থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তার পদত্যাগ কার্যকর হয়।

আরও পড়ুন