
আজ শনিবার (২৭ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিন হলেও সারা দেশে তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে প্রয়োজনীয় জামানতের টাকা এবং ভোটার তালিকার সিডি কেনার অর্থ জমা দেওয়ার সুবিধার্থে শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীরা ব্যাংক ড্রাফট, পে-অর্ডার অথবা ট্রেজারি চালানের মাধ্যমে এসব অর্থ জমা দিতে পারবেন। এ সুবিধা নিশ্চিত করতেই সারা দেশের সব তফসিলি ব্যাংকের শাখা শনিবার খোলা থাকবে।
এদিকে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী সোমবার (২৯ ডিসেম্বর)।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ছিল। পাশাপাশি ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিন দিনের ছুটিতে ব্যাংক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়। এতে করে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেয় নির্বাচন কমিশন।
ইসির সেই চিঠির পরিপ্রেক্ষিতেই শনিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।









