বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনকালীন ভুয়া তথ্য শনাক্তে রাইজিং কুমিল্লা ও রাইজিং ফ্যাক্টসের অনলাইন ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ আয়োজন

Rising Cumilla and Rising Facts organize online fact-checking training to identify election-time fake news
নির্বাচনকালীন ভুয়া তথ্য শনাক্তে রাইজিং কুমিল্লা ও রাইজিং ফ্যাক্টসের অনলাইন ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ আয়োজন

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনলাইন নিউজ পোর্টাল রাইজিং কুমিল্লা ও ফ্যাক্ট-চেকিং প্লাটফর্ম রাইজিং ফ্যাক্টস এর “নির্বাচন ২০২৬: ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ” শীর্ষক একটি অনলাইন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে আয়োজন করেছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) গুগল মিট প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই দুই ঘণ্টাব্যাপী প্রশিক্ষণে বিভিন্ন পেশার ২০ জন অংশগ্রহণকারী যুক্ত হন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন ফ্যাক্টওয়াচের সহকারী সম্পাদক শুভাশীষ দাস রায় দীপ। বাংলাদেশের অন্যতম প্রধান ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণকারীদের মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন শনাক্তকরণ, নির্বাচনকালীন গুজব যাচাই এবং বিভিন্ন ডিজিটাল টুলস ব্যবহারের কার্যকর কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেন।

এই প্রশিক্ষণে সাংবাদিক, শিক্ষক, কনটেন্ট ক্রিয়েটর এবং শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বৈচিত্র্যপূর্ণ এই অংশগ্রহণ থেকে বোঝা যায়, নির্বাচনকালীন সময়ে সঠিক তথ্য যাচাইয়ের গুরুত্ব এখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ উপলব্ধি করছেন।

রাইজিং কুমিল্লার সম্পাদক শাদমান আল আরবী বলেন, “নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য ও গুজব ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চাই মানুষ সচেতন হোক এবং সত্য যাচাই করে তথ্য শেয়ার করুক। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সঠিক তথ্যের প্রচার অত্যন্ত জরুরি।”

প্রশিক্ষণে রাইজিং কুমিল্লার নির্বাহী সম্পাদক তানভীর আল আরবী এবং রাইজিং কুমিল্লার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।

পুরো সেশনটি সঞ্চালনা করেন রাইজিং ফ্যাক্টসের কমিউনিকেশনস কর্মকর্তা তামজিদ শৌমিক।

রাইজিং কুমিল্লার নির্বাহী সম্পাদক তানভীর আল আরবী বলেন, নির্বাচনকে ঘিরে ছড়ানো গুজবের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর সহিংস পরিণতি—যেখানে সংঘর্ষে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। পরে নিহতের ভুয়া খবর ছড়িয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তাই কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই যাচাই করা জরুরি। তিনি আরও বলেন, ভুয়া ছবি বা এআই-নির্মিত কনটেন্ট দিন দিন বাড়ছে—এসব শনাক্ত করতে সবাইকে সচেতন ও আপডেট থাকতে হবে।

দুই ঘণ্টার এই প্রশিক্ষণে ফ্যাক্ট-চেকিংয়ের মৌলিক নীতি ও পদ্ধতি, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশনের পার্থক্য, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব শনাক্তকরণ, নির্ভরযোগ্য সূত্র যাচাইয়ের কৌশল, ইমেজ ও ভিডিও ভেরিফিকেশন টুলস এবং নির্বাচনী প্রচারণায় ভুয়া তথ্য চিহ্নিতকরণ—এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের সফলতার পরিপ্রেক্ষিতে রাইজিং কুমিল্লা ও রাইজিং ফ্যাক্টস ভবিষ্যতে আরও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছে। বিশেষ করে ডিপফেক ও এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্তকরণ এবং মিডিয়া লিটারেসি বিষয়ে আলাদা প্রশিক্ষণ আয়োজনের কথাও ভাবা হচ্ছে।

আরও পড়ুন