শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আনসার বাহিনী প্রস্তুত: কুমিল্লা রেঞ্জ পরিচালক

রাইজিং ডেস্ক

Rising Cumilla -Ansar force ready for neutral and peaceful elections Comilla Range Director
নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আনসার বাহিনী প্রস্তুত: কুমিল্লা রেঞ্জ পরিচালক/ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা. মাহবুবুর রহমান (পিএএমএস, পিভিএমএস)।

আজ বুধবার সকালে ফেনী জেলা আনসার ভিডিপির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণ শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা আসন্ন নির্বাচনে আনসার বাহিনীর আধুনিকায়নের চিত্র তুলে ধরে মাহবুবুর রহমান বলেন, আগামী নির্বাচনে আনসার বাহিনী সারাদেশে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করবে। কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই সমস্ত কেন্দ্রে পৌঁছে যাবে। এই সফটওয়্যারের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তার কাছে তাৎক্ষণিক বার্তা (মেসেজ) চলে যাবে।

দক্ষতা ও চ্যালেঞ্জ তিনি আরও উল্লেখ করেন, সরকারের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচন আনসার বাহিনীর জন্য অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি চ্যালেঞ্জিং। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে আনসার বাহিনীর সুনাম অনেক দূর এগিয়ে যাবে।

এ লক্ষ্যেই সরকার সারাদেশে তরুণ প্রজন্মের শিক্ষিত, বেকার ও উদ্যমী যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছে। তাদের কম্পিউটার, সেলাই ও অস্ত্র চালনাসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর হিসেবে গড়ে তোলা হচ্ছে।

অনুষ্ঠান ও উপস্থিতি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফেনী ছাড়াও কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এ সময় ফেনী জেলা আনসার কমান্ড্যন্ট মো. হেলাল উদ্দিন ও জেলা এডজুটেন্ট বিবি কুলসুম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপ্ত করা ১ হাজার ৫০০ জন প্রশিক্ষণার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন