
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনের পেড়িয়া ইউনিয়নে একটি মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে অবস্থিত ‘আল বাশারাত মৎস্য প্রজেক্ট’ থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে গন্ধক, মইঞ্জাল, ফুয়েল পেপার, সিলেকশন পাথর, দুই শতাধিক খালি জর্দার কৌটা এবং শতাধিক জিআই পাইপ। স্থানীয়দের দাবি, এসব উপকরণ ককটেল তৈরিতে ব্যবহার করা হতে পারে।
মৎস্য প্রজেক্টটির মালিক ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম মামুন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি বস্তা নিয়ে প্রজেক্টটিতে আসা-যাওয়া করছিলেন। বুধবার দুপুরে একটি মাইক্রোবাসে করে কয়েকজন এসে কয়েকটি বস্তায় কিছু মালামাল নিয়ে যান। এতে সন্দেহ হলে স্থানীয়রা পাশের একটি পরিত্যক্ত ভবনে গিয়ে ককটেল তৈরির সরঞ্জাম দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করে।
তবে স্থানীয় জামায়াত নেতা মাওলানা নোমান এ ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন। তার অভিযোগ, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্থানীয় সাবেক ইউপি সদস্য জাকির এ ঘটনা সাজিয়েছেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে যৌথবাহিনী জিআই পাইপসহ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এগুলো সত্যিই ককটেল তৈরির উপকরণ কি না, তা বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।









