
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতোমধ্যে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ এলাকায় ছুটে যাচ্ছেন নাগরিকরা।
নতুন সরকারকে ঘিরে সাধারণ মানুষের যেমন নানা প্রত্যাশা রয়েছে, তেমনি শোবিজ অঙ্গনের তারকারাও প্রকাশ করছেন নিজেদের ভাবনা। নির্বাচন, নতুন সরকার ও দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের মতামত জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সুষ্ঠু ও সুন্দর নির্বাচন প্রত্যাশা করে অপু বিশ্বাস বলেন, “যে সরকারই আসুক, তাদের সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও শুভকামনা। আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী ও উদ্যোক্তা। সে জায়গা থেকে চাই, সবাই যেন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোট দিতে পারেন।”
নতুন সরকারের কাছে দুটি নির্দিষ্ট দাবি তুলে ধরেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, “নির্বাচিত সরকার যেন নারীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখে, তা আমি চাই। সেই সঙ্গে দেশের বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়ার তাগিদ দেখতে চাই। সিনেমার মানুষ হিসেবে এটা আমার প্রত্যাশা।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবার মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
চলচ্চিত্র ক্যারিয়ারের প্রসঙ্গে জানা যায়, কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছেন অপু বিশ্বাস। যদিও বেশ কিছুদিন ধরে নতুন সিনেমার খবরে খুব একটা ছিলেন না তিনি। তবে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারে নিয়মিত ছিলেন। সম্প্রতি একসঙ্গে দুটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন অপু। পাশাপাশি নিজের ব্যবসায়িক কার্যক্রমেও মনোযোগ দিচ্ছেন এই নায়িকা।









