
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানকে সামনে রেখে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) সকালে কুমিল্লার ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা-৬ আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহবুব আলম চপল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আতিক সেলিম রুবেলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিজয়ী খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী বলেন, শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে। ক্ষুদে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।
এ সময় কুমিল্লা স্টেডিয়ামের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মাঠের কাদামাখা পরিবেশ দেখে তিনি বলেন, “প্রধানমন্ত্রী বাচ্চাদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নতুন কুঁড়ির মতো সুন্দর আয়োজন করেছেন, আর এমন মাঠে বাচ্চাদের খেলতে নামানো হচ্ছে। এমন মাঠে হালচাষ করা যায়, খেলাধুলা নয়।”
তিনি দ্রুত সময়ের মধ্যে মাঠের পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করে স্টেডিয়ামকে খেলাধুলার উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।










