
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি ভরি (২২ ক্যারেট) স্বর্ণের দাম এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে সারাদেশে নতুন এই মূল্য কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী—
২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ২১১ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে রুপার দাম—
২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা
২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা
১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা
বিশ্ববাজারেও স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।
ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের বন্ডের সুদের হার কমে যাওয়ায় বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থায় বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের দিকে নজর রাখছেন।
স্পট মার্কেটে সোমবার সকাল ৬টা ৫৬ মিনিটে স্বর্ণের দাম এক শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স ৪,৩৪৪.৪০ ডলার। এর আগে, গত শুক্রবার স্বর্ণের দাম ২১ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ফেব্রুয়ারি মাসের জন্য স্বর্ণের ফিউচার মূল্য ১.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৭৭.৪০ ডলারে উন্নীত হয়।
ডলার সূচক (ডিএক্সওয়াই) গত সপ্তাহে দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ১০ বছরের ট্রেজারি বন্ডের ফলন কিছুটা কমে আসাও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমলেও সার্বিক আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।









