বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি

রাইজিং স্পোর্টস

Rising Cumilla - Bangladesh Cricket Board
দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো নিয়ে বিস্তারিত জানাল বিসিবি

আগামী দিনে দেশের ক্রিকেট কাঠামোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে একটি বিস্তৃত পরিকল্পনার রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আলোচনা সভা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল মঙ্গলবার (০৩ জানুয়ারি) রাজধানীর মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সভাটির বিস্তারিত তথ্য জানায় দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

বিসিবি জানায়, সভায় তৃণমূল পর্যায় ও বয়সভিত্তিক ক্রিকেটের বর্তমান কাঠামো নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। এই দুই স্তরের ক্রিকেট কতটা কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, তা মূল্যায়নের পাশাপাশি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়।

বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বয়সভিত্তিক ক্রিকেটের সিলেকশন প্রক্রিয়া পুনর্বিবেচনা এবং বয়স যাচাই পদ্ধতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের ওপর। এ ক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হয়।

সভায় কোচদের জন্য একটি প্রণোদনা ব্যবস্থা চালুর প্রস্তাবও উত্থাপিত হয়। যারা নিজ নিজ ক্ষেত্রে সফলভাবে খেলোয়াড় তৈরি ও বিকাশে ভূমিকা রাখবেন, তাদের জন্য এই প্রণোদনা ব্যবস্থা চালু করার কথা জানানো হয়। পাশাপাশি দেশজুড়ে ঘরোয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়ের একটি বিস্তৃত ও কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির গুরুত্ব তুলে ধরা হয়, যা দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন এবং খেলোয়াড়দের পারফরম্যান্স ট্র্যাকিংয়ে সহায়ক হবে।

এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়ের কোচদের বেতন কাঠামো নিয়েও আলোচনা হয় সভায়। কোচদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সুস্পষ্ট ও কাঠামোবদ্ধ একটি ক্যারিয়ার পথ নির্ধারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

বিসিবি আরও জানায়, কোচদের প্রশিক্ষণ কার্যক্রম ও গেম এডুকেশন কারিকুলাম পুনর্বিবেচনা ও হালনাগাদের লক্ষ্যে একটি কারিকুলাম রিভিউ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব-২৩ পর্যায়ের খেলোয়াড়দের জন্য একটি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি প্রোগ্রাম চালুর প্রস্তাবও এসেছে, যা সামগ্রিক উন্নয়ন কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হবে।

সভায় উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, খালেদ মাসুদ পাইলট, খান আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী, জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু, টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার, জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, বিসিবির সিনিয়র কোচ মিজানুর রহমান বাবুল ও সোহেল ইসলাম, নির্বাচক হাসিবুল হোসেন, জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বিসিবি হাই-পারফরম্যান্স ইনচার্জ জামাল উদ্দিন বাবু এবং নারী ক্রিকেট ইনচার্জ হাবিবুল বাশার।

আরও পড়ুন