শনিবার ৫ সেপ্টেম্বর, ২০২৬

দেব-শুভশ্রীর খুনসুটি, পুরোনো স্মৃতিতে ফিরলেন ভক্তরা

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Dev-Subhashree
ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব। পরিবারের সঙ্গে অবসর সময় কাটানোর কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেই সেখানে শুভশ্রী গাঙ্গুলীর এক রসিক মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। একসময়ের আলোচিত এই জুটির কথোপকথনে আবারও সামনে এসেছে তাদের পুরোনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গ।

সম্প্রতি মা-বাবা ও বোনকে নিয়ে পশ্চিমবঙ্গের টাকি ভ্রমণে গিয়েছিলেন দেব। ভ্রমণের বেশ কয়েকটি মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।

দেবের সেই পোস্টে মন্তব্য করতে গিয়ে শুভশ্রী মজার ছলে জানতে চান, পরিবার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলে কি তিনি ধরে নিয়েছেন যে তার সেই ‘ইনোসেন্স’ আর নেই?

শুভশ্রীর এমন মন্তব্যের জবাবও দিয়েছেন দেব। পাল্টা মন্তব্যে অভিনেতা তাকে নিজের প্রতিচ্ছবি তার চোখে খুঁজে দেখতে বলেন। দেবের দাবি, আগের মতোই সবকিছু এখনো একই রকম রয়েছে।

দুই তারকার এই মজার কথোপকথন দ্রুতই নেটিজেনদের নজরে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও মন্তব্য। অনেকেই দেব-শুভশ্রীর পুরোনো জুটির কথা এবং তাদের একসঙ্গে কাজের সময়কার নানা স্মৃতি টেনে আনেন।

তবে ব্যক্তিগত অতীতের নানা অধ্যায় পেছনে ফেলে দীর্ঘ সময় পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব ও শুভশ্রীকে। আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে সিনেমাটির টিজার। সেখানে এই জনপ্রিয় জুটির প্রত্যাবর্তনের আভাস পেয়েছেন দর্শকেরা।

ফলে সিনেমায় বহুদিন পর একসঙ্গে ফেরার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেব-শুভশ্রীর এমন হালকা মজার কথোপকথন ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পুরোনো ‘ইনোসেন্স’ প্রসঙ্গটি নতুন করে সামনে আসায় ফের আলোচনায় এসেছেন টালিউডের এই দুই তারকা।

আরও পড়ুন