
সংকটে থাকা ব্যাংকগুলোকে ঋণ দিয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে সবল ১০ ব্যাংক। এসব ব্যাংকে অতিরিক্ত তারল্য থাকায় তারা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংকটে পড়া ব্যাংকগুলোকে ধার দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। এসব ধার বা ঋণে গ্যারান্টি বা নিশ্চয়তা দেবে বাংলাদেশ ব্যাংক।
গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।
ঋণ দিতে সম্মত হওয়া ১০টি ব্যাংকের মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংক, বেসরকারি খাতের ব্র্যাক, ইস্টার্ন, দ্য সিটি, শাহ্জালাল ইসলামী, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, ঢাকা, ডাচ্-বাংলা এবং ব্যাংক এশিয়া।
এ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে জানান, সংকটে থাকা দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া ঋণের টাকা ফেরত চাইলে সবল ব্যাংকগুলোকে তিন দিনের মধ্যেই তা ফেরত দেবে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক ঋণ দেওয়ার জন্য কোনো টাকা নিতে পারবে না। কোন ব্যাংককে কত টাকার তারল্য–সহায়তা দেওয়া হবে, সেটি নির্ধারণ করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া দুই ব্যাংকের সমঝোতার ভিত্তিতে ঋণের সুদহার নির্ধারণ করা হবে।
গভর্নরের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা তাদের প্রতিনিধিরা।
এদিকে তারল্য–সহায়তা পেতে পাঁচটি ব্যাংক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে। এগুলো হলো- বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।










