
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দেব না।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।
এ সময় তিনি মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, যারা মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত, তারা যেন অবিলম্বে এ পথ থেকে সরে আসে। প্রয়োজনে তিনি নিজেই সীমান্ত এলাকায় সিএনজি নিয়ে এবং লুঙ্গি পরে পাহারা দেওয়ার কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দলীয় কোনো নেতাকর্মী মাদক ব্যবসায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা নেওয়া হবে। আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
তার ভাষায়, “মাদকের বিরুদ্ধে কুমিল্লা-৫-এ থাকবে জিরো টলারেন্স।”
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার শক্তি। তিনি বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং এমপির ঘোষিত অবস্থানকে স্বাগত জানান।









