
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ছয়জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন।
আজ দুপুর ১টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এমপি হিসেবে শপথ নেওয়ার পর এনসিপির নবনির্বাচিত সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ গ্রহণ করেন।
এর আগে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা এমপি হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।
বিএনপির এই সিদ্ধান্তকে ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত এমপিদের শপথ গ্রহণ নিয়ে শুরুতে কিছুটা অনিশ্চয়তা দেখা দেয়। পরে দলীয় বৈঠকের মাধ্যমে তারা শপথ নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
জামায়াতের এমপিদের সঙ্গে কয়েকজন স্বতন্ত্র সদস্যও শপথ নেন। তবে সংবিধান সংস্কার পরিষদের দ্বিতীয় দফা শপথের আগে অন্তত দুজন সদস্যকে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়। এর পরপরই এনসিপির এমপিরা দ্বিতীয় শপথ গ্রহণ সম্পন্ন করেন।







