রবিবার ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে কর্মজীবনের দিকনির্দেশনা পেলেন বাইউস্টের শিক্ষার্থীরা

রাইজিং ক্যাম্পাস

Rising Cumilla - Five-day skill development program organized by BAUET for students workplace readiness.
কর্মক্ষেত্রের প্রস্তুতিতে বাইউস্টে শিক্ষার্থীদের পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন আয়োজন

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (DBA) উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘Skill Development Program, Spring 2026’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

৬ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচির সমাপনী দিনে ১০ সেপ্টেম্বর “Stepping into the Workplace: A Practical Guide for New Graduates” শীর্ষক বিশেষজ্ঞ সেশন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া সেশনটি পরিচালনা করেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ. মনসুর আজাদ।

ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, শ্রম আইন, মানবসম্পদ ব্যবস্থাপনা, কর্মী সম্পর্ক ও কর্মক্ষেত্র ব্যবস্থাপনায় ১৮ বছরেরও বেশি পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন ব্যারিস্টার আজাদ সেশনে শিক্ষার্থীদের সঙ্গে তাঁর বাস্তব কর্মজীবনের অভিজ্ঞতা ও পেশাগত দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার আলোকে তিনি কর্মক্ষেত্রে যোগাযোগ, পেশাগত আচরণ, কর্মী সম্পর্ক, আলোচনা ও সমঝোতা, সামাজিক কমপ্লায়েন্স এবং সাংগঠনিক উন্নয়ন বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

এছাড়া মানবসম্পদ ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সোশ্যাল কমপ্লায়েন্স এবং কর্পোরেট ও বিজনেস ল বিষয়ে তাঁর শিক্ষকতার অভিজ্ঞতাও শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। সেশনটি শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জনে সহায়তা করে।

পরে দুপুর ১২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BAIUST-এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল উদ্দিন কমল, এনডিসি, পিএসসি। এছাড়া রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের বিদায়ী শিক্ষার্থী সাদিয়া সুলতানা পুরো কর্মসূচিতে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি কর্মসূচির বিভিন্ন সেশন থেকে অর্জিত জ্ঞান, বাস্তবভিত্তিক শিক্ষা এবং পেশাগত জীবনের জন্য পাওয়া দিকনির্দেশনার কথা তুলে ধরেন।

এরপর ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ফাতেমা জোহারা স্বাগত বক্তব্য দেন। পরবর্তীতে ফ্যাকাল্টি অব বিজনেসের অধ্যাপক ও ডিন প্রফেসর ড. মো. তাহিদুর রহমান বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জন, ধারাবাহিকভাবে শেখার মানসিকতা গড়ে তোলা এবং পেশাগত জীবনের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী অনুষ্ঠানে ব্যারিস্টার এ. মনসুর আজাদ কর্মক্ষেত্রের প্রত্যাশা, পেশাগত আচরণ, কার্যকর যোগাযোগ ও ক্যারিয়ার প্রস্তুতি বিষয়ে শিক্ষার্থীদের আরও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।

উপাচার্য তাঁর বক্তব্যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আয়োজনের জন্য ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনকে প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মজীবনে অর্জিত দক্ষতা, আত্মবিশ্বাস ও পেশাদারিত্ব কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ব্যারিস্টার এ. মনসুর আজাদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কর্মসূচির সনদ বিতরণ করা হয়। সবশেষে বিশ্ববিদ্যালয়ের প্লাজা এলাকায় শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়।

সমাপনী পর্বে শিক্ষার্থীদের সঙ্গে ব্যারিস্টার আজাদের একটি প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে কর্মক্ষেত্রের প্রত্যাশা, ক্যারিয়ার উন্নয়ন ও বিভিন্ন পেশাগত বিষয় নিয়ে শিক্ষার্থীরা প্রশ্ন করেন এবং ব্যারিস্টার আজাদ তাঁর অভিজ্ঞতার আলোকে তাদের পরামর্শ দেন।

বিকেল ৩টায় ‘Skill Development Program, Spring 2026’ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। পাঁচ দিনব্যাপী এ কর্মসূচির মাধ্যমে BAIUST-এর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা, পেশাগত জ্ঞান ও ক্যারিয়ার প্রস্তুতির ক্ষেত্রে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

আরও পড়ুন