রবিবার ১৫ মার্চ, ২০২৬

তুলে নেওয়া হল জ্বালানি তেল বিক্রির সব ধরনের বিধিনিষেধ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - fuel oil
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ নিয়ে বড় সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, জ্বালানি তেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, রোজার ঈদ সামনে রেখে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে।

তিনি জানান, তিনটি প্রধান কারণ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, দেশে বেশ কয়েকটি তেলের জাহাজ এসে পৌঁছেছে। দ্বিতীয়ত, সামনে ঈদুল ফিতর। তৃতীয়ত, বর্তমানে বোরো মৌসুম চলছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এরইমধ্যে কয়েকটি আমদানিকৃত তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং বোরো মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে দেশের সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি অব্যাহত থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, তেলের দাম বাড়বে কি না—এ নিয়ে উদ্বেগ অস্বাভাবিক নয়। তবে সরকার জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করবে। যতক্ষণ অর্থনীতি চাপ সামলাতে পারবে, ততক্ষণ দাম বাড়ানোর পরিকল্পনা নেই।

এর আগে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে চালু থাকা রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা শনিবারই জানিয়েছিল সরকার।

রবিবার থেকে দেশের ফিলিং স্টেশনগুলোতে আগের মতো স্বাভাবিকভাবে জ্বালানি সরবরাহ ও বিক্রি চলবে বলে জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন