মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ— কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - The country is safe in Tarique Rahman's hands - BNP candidate for Comilla-6 constituency
তারেক রহমানের হাতেই দেশ নিরাপদ— কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী/ছবি: রাইজিং কুমিল্লা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা–৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, “তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী, ইনশাআল্লাহ। জনগণের রায় নিয়েই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। তারেক রহমানের হাতে এ দেশ কখনো পথ হারাবে না— তাঁর হাতেই দেশ নিরাপদ।”

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লা সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী আরও বলেন, “নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের ঐতিহাসিক বৈঠকই দেশকে নির্বাচনের পথে নিয়ে এসেছে। দেশ এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। কোনো ষড়যন্ত্রই এই নির্বাচন বানচাল করতে পারবে না। আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠন করবে, ইনশাআল্লাহ।”

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের করা অভিযোগের জবাবে তিনি বলেন, “আপনি যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। সিটি করপোরেশনের ভবন কোথায় হবে— সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সিটি করপোরেশন কর্তৃপক্ষের। আমাকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে তার কোনো সত্যতা নেই। তবে হ্যাঁ, আপনারা যা করেছেন, তা যদি বলা শুরু করি তাহলে হজম করতে পারবেন না। গত দেড় বছরে আপনারা যা লুটে নিয়েছেন, তা গত ১৬ বছরে আওয়ামী লীগও করেছে কিনা সন্দেহ আছে।”

তিনি আরও বলেন, “গত ১৬ বছর এ অঞ্চলে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দেশে দীর্ঘদিন ধরে হরিলুট চলেছে। যে যেভাবে পেরেছে সব লুটেপুটে খেয়েছে। এলাকার প্রকৃত উন্নয়নের জন্য আমি মনে করি, আমার সংসদে যাওয়া প্রয়োজন। এজন্য আপনাদের একটি ভোট দরকার। আপনাদের ভোটেই আমি সংসদে গিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারব।”

সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, ড্যাব সভাপতি ডা. মাসুম, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পিটারসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা কালিরবাজার ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন মনিরুল হক চৌধুরী।

আরও পড়ুন