শুক্রবার ৬ ফেব্রুয়ারি, ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে স্পেশাল ট্রেন চায় বিএনপি

রাইজিং কুমিল্লা রিপোর্ট

ছবি: সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে এবং নেতাকর্মীদের ঢাকায় আসার পথ সুগম করতে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভের আবেদন জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষে রেল মন্ত্রণালয়ে এই আবেদনপত্র পাঠান।

চিঠিতে জানানো হয়েছে, তারেক রহমানকে সংবর্ধনা জানাতে সারাদেশে থেকে বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। তাদের যাতায়াতের সুবিধার্থে সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করার আগ্রহ প্রকাশ করেছে বিএনপি।

চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনব্বাগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নিলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য ১টি করে স্পেশাল ট্রেন/ অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষ করে আগামী ২৫ ডিসেম্বর মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন। ওইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে তাদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে তারেক রহমানের ফেরা উপলক্ষ্যে ইতোমধ্যেই বিএনপি একটি শক্তিশালী ‘অভ্যর্থনা কমিটি’ গঠন করেছে। বৃহস্পতিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “তারেক রহমানের দেশে ফেরাটা হবে একটি ঐতিহাসিক ঘটনা। তার এই ফিরে আসাকে স্মরণীয় করে রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছি।”

আরও পড়ুন